নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ রংহীন স্বচ্ছ পাত্রের মতো কাজ করতে চায়। আপনারা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন আপনাদের রংহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে হবে।
তিনি বলেন, আমরা সমাজে বাস করি, আমাদের আত্মীয়-স্বজন বিভিন্ন মতের থাকতে পারে সেটা যেন আমাদের পেশাদারি দায়িত্বকে প্রভাবিত করতে না পারে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নতুন ভোটারদের ও উপস্থিত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ভোটারদের বাড়িবাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক, দ্বৈত ভোটার এগুলো নতুন ভোটার তালিকায় বাদ দেওয়া হবে।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করা। সুষ্ঠ নির্বাচনের জন্য একটি স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা প্রনয়ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রংপুর) আজিজুল ইসলাম, জেলা নির্বাচন এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, বেশকিছু নতুন ভোটার এবং গণমাধ্যম কর্মীরা।
নারীদের সঙ্গে বিবস্ত্র ছবি তুলে ব্যবসায়ীকে হয়রানি, মুচলেকা আদায়
সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম ৬ দিনের রিমান্ডে