গুচ্ছ ভর্তি বহালের দাবিতে ইউজিসির মূল ফটকে তালা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ এএম

গুচ্ছ ভর্তি পদ্ধতি বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবির বিষয়ে কোনো নির্দেশনা না আসায় এই সিদ্ধান্ত নেন তারা।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থী সিয়াম হাসান বলেন, রবিবার ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। তারা বলেছিলেন কঠোর নির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে রাখতে বাধ্য করা হবে। অথচ আজ দুপুর গড়িয়ে গেলেও আমরা কোনো নির্দেশনা পাইনি।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর অফিস সময় শেষ। ইউজিসি বলতে পারে যে আজ তো অফিস আওয়ার শেষ, আগামীকাল দেখবে। সেজন্য আমরা চাই, আজকের মধ্যে নির্দেশনা আসুক। দাবি না মানা পর্যন্ত আমরা ইউজিসি ফটকের তালা খুলব না।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন। এদিন, ‘২৪-এর বাংলায় ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ চাই’ লেখা ফেস্টুন ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত