যে তিন কারণে গুচ্ছে থাকছে না বরিশাল বিশ্ববিদ্যালয়

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ভর্তি সংক্রান্ত কার্যক্রমে দীর্ঘসূত্রতা, এর ফলে সৃষ্ট সেশনজট  ও কোয়ালিটি শিক্ষার্থী না পাওয়ার কারণ দেখিয়ে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি )। বুধবার (২২ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মূলত তিনটি কারণে আমরা গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। গুচ্ছের কারণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে ফলে সেশনজট সৃষ্টি  হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠা ও কোয়ালিটি স্টুডেন্ট এই তিনটি কারণেই আলাদাভাবে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, গতকাল একাডেমিক কাউন্সিলের এক মিটিংয়ে সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। যদিও সরকার থেকে চাওয়া হয়েছে আমরা গুচ্ছে থাকি। কিন্তু সভায় সবাই একমত পোষণ করেছেন। কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমাদের স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) একাডেমিক কাউন্সিলের ৪৮তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি অফিস আদেশ হিসেবে প্রকাশ করা হয়। অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় GST গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না এবং আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামসমূহের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত