পারিশ্রমিক সমস্যায় বিপিএলে সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে রবিবার। টাকা না পাওয়ায় মাঠেই আসতে রাজি হননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে হয়েছে একটি দলকে।
এর আগে চট্টগ্রাম পর্বে টাকা না পাওয়ায় রাজশাহীর পুরো দলই অনুশীলন বয়কট করেছিল। পারিশ্রমিক সমস্যায় বিসিবিতে অভিযোগ জানিয়েছেন দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন।
এছাড়া চিটাগং কিংসের পারভেজ হোসেনকে টাকা না দেওয়ার কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন দলটির কর্ণধার সামির কাদের চৌধুরি।
বরিশালের ক্রিকেটারদের এই সমস্যা নেই বলেই জানিয়েছেন ডাভিড মালান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ম্যাচ শেষে নিজেদের দল নিয়ে স্বস্তি প্রকাশ করেন মালান, “আমি নিজের দল নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেন, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চান সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগ খেলি আমরা।”
খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৮ রানের লক্ষ্যে ৩৭ বলে ৬৩ রানের ইনিংস খেলেন মালান। ৫ উইকেটের জয়ে ম্যান অব দা ম্যাচ হন তিনি। পরে সংবাদ সম্মেলনে পারিশ্রমিক সমস্যার প্রসঙ্গ এলে সহজ সমাধানের কথা বলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান, ''এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ। আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।''
গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে জিয়াপুত্র তাহসিনের পাশে বিসিবি