জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই; যেখানে ভাত, কাপড়, কাজের অভাব থাকবে না। বেকারদের ভাতা দেয়া হবে। জামায়াতে ইসলামীই পারে ইসলামী কল্যাণকর রাষ্ট্র গঠন করতে। রবিবার (২৭ জানুয়ারি) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ফুটবল মাঠে কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিবাদ বিদায় হয়েছে। আমরা এখন নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা দেশে সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা দীর্ঘ ১৭-১৮ বছর ইতিহাসের একটি কালো যুগ পার করেছি। আমরা কেউ ভোট দিতে পারিনি। ফ্যাসিস্ট হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে উঠেপড়ে লেগেছিল। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করে সফল হয়েছি।
সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ইসলামের প্রতি একটা নেগেটিভ ধারণা আছে তারা নাকি মন্দির ভাঙচুর করে। আমি বলতে চাই জামায়াতের নামে মন্দির বা প্রতিমা ভাঙচুরের অভিযোগ নেই। হিন্দু মানে আওয়ামী লীগ তা কিন্ত নয়। হিন্দু ভাইরা রাষ্ট্রের কল্যাণে অন্য দলে ভোট দিতে পারে। আগামী দিন জামায়াতের ছায়াতলে হিন্দু ভাইয়েরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে।
সাতক্ষীরার তালা কলারোয়ায় ইজ্জতউল্লাহ প্রার্থী হবে উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের তাকে উপহার দিয়ে গেলাম। আপনারা তাকে গ্রহণ করুন। আমরা যদি কল্যাণকর রাষ্ট্র গ্রহণ করতে পারি সেজন্য সকলকে সহযোগিতা করতে হবে।
উপজেলা জামায়াত আমির মো. মফিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সূরা সদস্য রবিউল বাশার, সাতক্ষীরা জামায়াত আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক।
বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, কলারোয়া জামায়াত আমির মাওলানা কামরুজ্জামান, কেশবপুর জামায়াত আমির অধ্যাপক মোক্তার আলী, মাওলানা কবিরুল ইসলাম, শাহ আলম, শিবির সভাপতি আল মামুন, ইয়াকুব, সাব্বির ও ছাত্রনেতা আনোয়ার হোসেন।
রাজনীতি করতে হলে শিক্ষকতা পেশা ছেড়ে দিন: উপাচার্য আমানুল্লাহ