জাতীয় সংসদ নির্বাচন ঠিক কবে হবে, সে বিষয়টি নির্বাচন কমিশনের হাতে নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড কলেজের হল রুমে তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের দিনক্ষণ কমিশনের হাতে নেই। তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে যেকোনো সময় দিনক্ষণ; রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।’
সাংবাদিকদের প্রশ্নে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সংস্কার কার্যক্রম চলমান। জেলা উপজেলাসহ নির্বাচন পরিচালনায় সকল ক্ষেত্রে সংস্কার করা হবে।’
বিদেশি কিছু নাগরিক প্রতারণার মাধ্যমে এ দেশের নাগরিক সাজতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশি কিছু নাগরিক প্রতারণার মাধ্যমে এ দেশের নাগরিক সাজতে চায়। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী। আমাদের আরও পার্শ্ববর্তী দেশের কিছু লোক এসে বাংলাদেশের নাগরিক সাজতে চায়। এদের প্রতিহত করতে হবে।’
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘নির্দিষ্ট সময়ে খসড়া হয়ে ২ মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি এগুলো কাটিয়ে ওঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। কোনো অভিযোগ যাতে না আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন করার। এ ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা। আগামীতে আর বাড়ি বাড়ি ভোটার করার কাজ নাও হতে পারে। কারণ ডিজিটাল সেবা পৌঁছে যাচ্ছে সব জায়গায়। ঘরে বসেও ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে।’
এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দাবি নিয়ে আজও শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান
বাংলাদেশকে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সাহায্য করবে ইইউ