গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাতের মাওলানা স্বাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত মিজানুর রহমান নামের আরও এক মুসল্লি মারা গেছেন। মিজানুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামানিকের ছেলে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা স্বাদ’র মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।
তিনি জানান, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সা’দপন্থীদের পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের পন্থীদের সংঘর্ষে ওই সময় মিজানুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১ মাস ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়। তিনি তাবলীগ জামাতের সা’দপন্থীদের একজন সক্রিয় সদস্য এবং ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী ছিলেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, মিজানুর রহমানের মৃত্যুর খবর পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সরিষা ক্ষেতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত