শিশু কন্যা হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম

বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবা জাকির হোসেনকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন। এর আগে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত জাকির হোসেন পোদ্দার বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা। 

মামলার বিবরণে জানা যায়, জাকিরের আগেও একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়। পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি। বাড়ির লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি মেয়ে হত্যার কথা স্বীকার করেন।

সে সময় নিহত হুমায়রার মা রাবেয়া খাতুন বলেছিলেন, মধ্যরাতে ঘুম থেকে জেগে দেখি আমার মেয়ে খাটের ওপর নেই। মেয়ের বাবাকে ফোন দেই। পরে পরিবারের সবাইকে ঘুম থেকে ডেকে বিষয়টি জানাই। এরপর সবাই এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকালে স্বামী জাকির মেয়েকে হত্যার কথা স্বীকার করে পুকুরে লাশের সন্ধান দেয়।

আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা জানান, মেয়ে হত্যার ঘটনায় রাবেয়া খাতুন বাদি হয়ে তার স্বামী জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে সেই মামলায় অভিযুক্ত জাকিরের সাজা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত