আগামীতে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির: তারেক রহমান

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে মানুষের সমর্থন নিয়ে বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা রয়েছে সরকার গঠনের। বিএনপি সরকার গঠন করলে মানুষের জন্য কিছু করতে পারবে।

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনার পেছনে যদি পাবলিকই না থাকে তাহলে আপনি কিসের নেতা। আপনি রাজনৈতিক কর্মী বলেই আপনাকে মানুষ সালাম দেয়। কিন্তু আপনি যদি এমন কিছু করেন সে আঘাত পায় তাহলে কী আপনাকে সালাম দেবে? আপনার পেছন থেকে সরে যাবে। মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাচ্ছে। যদি কেউ এমন কোনও কাজ করে তাতে জনগণের আস্থা নষ্ট হয়। তাহলে তাকে তো আমাদের পক্ষে টানা সম্ভব না। টানব না।

আজ মঙ্গলবার বিকেলে সাতক্ষীরায় ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সাতক্ষীরার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম প্রমুখ।

তিনি আরও বলেন, কোনও ব্যক্তির কারণে, কোনও নেতার কারণে, কোনও কর্মীর কারণে মানুষের আস্থা নষ্ট হয় তাহলে তাকে আমরা রাখতে পারব না। জনবিচ্ছিন্ন নেতা হলে কি হয় সেটা আমরা ৫ আগস্ট দেখেছি। কাজেই আসুন জনগণেকে সঙ্গে নিয়ে কাজ করি।

তিনি বলেন, দিন শেষে একজন বেকার জানতে চাইবে বিএনপি তার কর্মসংস্থানের জন্য কি ব্যবস্থা করবে। একজন বাবা জানতে চাইবে তার সন্তান ঠিকমত লেখাপড়া করার সুযোগ পাবে কি না। এখন আমাদের দায়িত্ব জনগণের জন্য আমরা অতীতে কি করেছি, আগামীতে কি করব তা জনগণের কাছে তুলে ধরা। ৩১ দফা শুধু আমাদের জন্য নয়। ৩১ দফা দেশ ও জনগণের জন্য।

তারেক রহমান আরও বলেন, সামনে একটি নির্বাচন আমাদের পার হতে হবে। এজন্য ৩১ দফা মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। আপনাদের জনগণের কাছে যেতে হবে। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে কাছে রাখুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত