অল্পের জন্য বেঁচে যান হৃতিক!

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ পিএম

অ্যাকশন সিনেমা মানেই শুটিংয়ে পদে পদে ঝুঁকি থাকবে। হলিউড তারকা টম ক্রুজের শুটিং হোক কিংবা শাহরুখ থেকে সালমান খান বা অক্ষয় কুমারের। এই তালিকা থেকে বাদ নেই হৃতিক রোশান অভিনীত ‘কৃশ’ সিনেমাও। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘কৃশ’।

শুটিংয়ের সময়ে হৃতিক রোশান মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার বাবা পরিচালক রাকেশ রোশান। সাক্ষাৎকারে সেই সিনেমার শুটিংয়ের সময়ের হাড়হিম করা ঘটনা নিয়ে রাকেশ রোশন বলেন, শুটিংয়ের সময় হৃতিক মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। এক মুহূর্তের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন তিনি।

রাকেশ বলেন, ‘হৃতিক যখন ওই ছবির শুটিং করত তখন প্রতিটা শটের আগে আমি প্রার্থনা করতাম, যেন সবকিছু ঠিকঠাক হয়। যখন ও এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দিত, তখন হৃতিক যেন সঠিকভাবে লাফটা দিতে পারে, সে দিকে নজর রাখতাম। তাকিয়ে থাকতাম যেন পা মাটিতে পড়ে। না হলেই বিপদ। যদি মাটিতে পা না পড়ত, তাহলে ওখানেই হাঁটু ভেঙে সব শেষ।’

এরপরেই ২০০৫ সালে সিঙ্গাপুরে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার কথা জানান রাকেশ। তার কথায়, ‘হৃতিক খুব উঁচু বিল্ডিংয়ে উঠেছিলেন এবং আমি ক্যামেরা নিয়ে রাস্তায় বসেছিলাম। আমি বুঝতে পারছিলাম যে শটটা খুব কঠিন। একেবারেই ব্যালান্স করতে পারছিল না।’

রাকেশের ভাষ্য, ‘আমি যেই চেয়ার ছেড়ে উঠে অ্যাকশন ডিরেক্টরকে সবটা বুঝিয়ে বলব, তার আগেই যা হওয়ার হয়ে গেছে। ছিটকে পড়ে সোজা মাটিতে। একটা গাছের আড়ালে পড়ায়, দেখতেও পাচ্ছিলাম না ঠিক কী হয়েছে। আমরা সবাই ঘটনাস্থলে ছুটে যাই। সৌভাগ্যবশত খুব বেশি চোট পায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত