বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আগের তালিকা থেকে বাদ তিনজন

  • পুরস্কারের ঘোষিত নতুন তালিকায় তিনজনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি
  • বাদ পড়েছেন মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ এএম

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সাতজন কবি ও লেখক এই পুরষ্কার পাচ্ছেন।

পুরস্কারের ঘোষিত নতুন তালিকায় তিনজনের নাম বাদ দিয়েছে বাংলা একাডেমি। তারা হলেন- মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ। তাঁদের নাম বাদ দেওয়ার বিষয়টি বুধবার বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেইজে জানানো হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,

বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভা ২৯শে জানুয়ারি, ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত লেখক তালিকা নিম্নোক্তভাবে চূড়ান্ত করা হয়:

ক. কবিতা: মাসুদ খান
খ. নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
গ. প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
ঘ.অনুবাদ: জি এইচ হাবীব
ঙ. গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
চ. বিজ্ঞান: রেজাউর রহমান
ছ. ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

এর আগে গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়। কিন্তু ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। কারণ হিসেবে তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, নাম থাকা কারও কারও বিষয়ে ‘কিছু অভিযোগ আসায়’ তালিকাটি স্থগিত করা হয়েছে।

বাংলা একাডেমি ওই দিন তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনঃপ্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায়। এরই প্রেক্ষিতে নতুন তালিকা প্রকাশ করা হল।

নতুন তালিকা থেকে বাদ পরা মোহাম্মদ হান্নানকে মুক্তিযুদ্ধ, সেলিম মোরশেদকে কথাসাহিত্যে ও ফারুক নওয়াজকে শিশুসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তবে প্রথম তালিকা স্থগিতের পর গত ২৭ জানুয়ারি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন কথাসাহিত্যিক সেলিম মোরশেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত