২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। শনিবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া একই তথ্য জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে তিনি লেখেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এ ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয় সেগুলা দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কীভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে- এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। দেশের সংস্কার হবে, বাংলা একাডেমির সংস্কার কেন নয়?
এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উদ্ভূত সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে এবং পুরস্কার-তালিকাভুক্ত কারও কারও সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পূর্বঘোষিত ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া উত্থাপিত অভিযোগ সম্পর্কে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী তিন কার্যদিবসের মধ্যেই তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে।
গত বৃহস্পতিবার একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা ঘোষণা করা হয়। তালিকায় ১০ জন কবি ও লেখকের নাম ছিল। বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তালিকায় নাম থাকা ব্যক্তিরা হলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
পুরস্কারের তালিকা ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। তালিকায় নাম থাকা কয়েকজনের বিষয়ে আপত্তি ওঠে। কোনো নারীর নাম তালিকায় না থাকার বিষয়টি উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেন কেউ কেউ।
মেসের রুমে ঝুলছিল জবি ছাত্রীর ঝুলন্ত লাশ
জবির শিবির সেক্রেটারিকে হেনস্তা, নিন্দা জানিয়ে যা বলল ছাত্রসংগঠনগুলো