পাপারাৎজিদের সঙ্গে কারিনার  বৈঠকে কি সিদ্ধান্ত হলো?

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার পর বারবার প্রশ্ন উঠছে  তারকাদের নিরাপত্তা নিয়ে। এত সিকিউরিটির পরও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে আছে নানা মহলের উদ্বেগ।

সাইফের ওপর এই হামলার ঘটনা নিয়ে চলছে পুলিশের তদন্ত। এর মাঝে তার দুই সন্তানের নিরাপত্তা নিয়ে ভাবছে পতৌদি পরিবার। 

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, সাইফের ওপর হামলার পর খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পরিবার। তারা সিদ্ধান্ত নিয়েছেন সাইফ পুত্র তৈমুর এবং জেহর ছবি পাপারাৎজিদের কোনোভাবেই তুলতে দেবেন না। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।

সূত্রের খবর, কারিনা কাপুরের টিম পাপারাৎজিদের সঙ্গে ইতোমধ্যে বৈঠকও করেছেন। সন্তানদের ছবি তুলতে নিষেধ করার পাশাপাশি তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পাপারাৎজিদের বাড়ির বাইরে ভিড় করতে দেওয়াও হবে না আর। 

গত ১৬ জানুয়ারি রাতে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করে এক দুষ্কৃতী। প্রথমেই সে সাইফের কনিষ্ঠ ছেলে জেহর ঘরে ঢুকেছিল বলে জানা যায়। একপর্যায়ে ছেলের চিৎকার শুনে সেখানে ছুটে যান সাইফ। তখনই অভিনেতার ওপর হামলা চালায় ওই দুষ্কৃতী। তার ধারালো ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় সাইফের পিঠ, হাত, কনুই। মধ্যরাতেই হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত