উত্থান-পতনের গ্রুপ পর্ব শেষে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে টিকে রইলো ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে লিগ পর্বের শেষ ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-১ গোলে জিতে প্লে-অফ নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ফিল ফোডেন।
'প্লে-অফ নিশ্চিত করলাম,'— পোস্টে লিখেছেন ২৪ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার।
গ্রুপ পর্বের প্রথম দিকটা ভালো যায়নি ফোডেনের জন্য। প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে শেষ দিকে ছন্দ খুঁজে পেয়েছেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচ খেলে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।
ব্রুগের বিপক্ষে ম্যাচেও ছিলেন ৯০ মিনিট। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে সিটি, যখন মাতেউস নুনেসকে কাটিয়ে রাফায়েল অনিয়েদিকা বল জালে জড়ান।
বিরতির পরই ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার সিটি। ৪৭ মিনিটে মাতেও কোভাচিচ সমতা ফেরানোর পর ৬৫ মিনিটে ব্রুগ ডিফেন্ডার জোয়েল ওর্ডোনেজ আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় সিটিজেনরা।
৭৭ মিনিটে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড সাভিনিয়ো। জন স্টোনসের লম্বা বল থেকে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি।
এই জয়ে প্লে-অফ নিশ্চিত করল সিটি, যেখানে প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখ। দুই লেগের প্লে-অফ জয়ীরাই যাবে শেষ ষোলোতে।
ব্রুগের বিপক্ষে ম্যাচের পর ফিল ফোডেনের একাধিক প্রতিক্রিয়া প্রশ্ন তুলেছে, তিনি কি পেপ গার্দিওলার কৌশল নিয়ে অসন্তুষ্ট?
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিয়মিত শুরুর একাদশে থাকলেও, কখনো ফোডেনকে উইংয়ে, কখনো সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হয়েছে, যা তার স্বাভাবিক খেলার ছন্দের সঙ্গে যায় না। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বারবার পজিশন পরিবর্তনের কারণে তার পারফরম্যান্সে ওঠানামা ছিল স্পষ্ট।
ক্লাবের একাংশ সমর্থক ও বিশেষজ্ঞরা মনে করছেন, গার্দিওলা তাকে যথাযথ পজিশনে ব্যবহার করতে পারছেন না, যার ফলে ফোডেনের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ম্যাচের পর ইনস্টাগ্রামে তার পোস্টও অনেকের চোখে পড়েছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে।
বিশেষ করে, ম্যাচ শেষে টিনটি স্পোর্টস-এ সাবেক ইংলিশ মিডফিল্ডার জো কোল বলেন, 'ফোডেনের দারুণ প্রতিভা রয়েছে, কিন্তু তাকে দিয়ে কীভাবে সেরা পারফরম্যান্স বের করে আনতে হবে, সেটি ম্যানচেস্টার সিটিকে ভালোভাবে ভাবতে হবে।'
এদিকে, কিছু ব্রিটিশ সংবাদমাধ্যমের মতে, ফোডেনের সাম্প্রতিক ফর্ম তাকে আরও বেশি নির্দিষ্ট ভূমিকায় ব্যবহারের দাবি জানাচ্ছে। এমনকি তিনি নিজেও চাচ্ছেন, নিয়মিতভাবে নিজের পছন্দের পজিশনে খেলার সুযোগ।
ইউরোপের মঞ্চ থেকে এবার নজর ঘরোয়া ফুটবলে ফেরাবে গার্দিওলার দল। ২ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ মিকেল আর্তেতার আর্সেনাল, ম্যাচটি হবে নর্থ লন্ডনে।
এই ম্যাচেও ফোডেনের ব্যবহৃত পজিশন নজরে রাখবে সমর্থকরা, এবং দেখা যাবে, গার্দিওলা কি তার জন্য নির্দিষ্ট কোনো ভূমিকা রাখেন নাকি আগের মতোই পজিশন পরিবর্তন চলবে।
একঝাঁক তরুণ জেতালেন টটেনহামকে
ইউরোপার শেষ ষোলোয় ম্যানইউ, কে হচ্ছে পরবর্তী প্রতিপক্ষ
চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছে না ‘ক্যাপ্টেনস ডে’, বাতিল উদ্বোধনী অনুষ্ঠানও