সান্তোসে ফিরেই ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ বেতনভোগী নেইমার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১১:১৫ এএম

শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিচ্ছেন ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার নিজেও সেই তথ্য নিশ্চিত করলেন। সেখানে ফিরেই ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ বেতনভোগী হয়ে গেলেন সাবেক বার্সা তারকা।

নেইমারকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে বিশেষ আয়োজন রেখেছে সান্তোস। ক্লাবের মাঠ ভিলা বেলমিরোয় স্থানীয় সংগীতশিল্পীদের নিয়ে কনসার্টের আয়োজন করা হবে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম 'ও গ্লোবো' জানিয়েছে, নেইমারকে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হবে।

নেইমারের আগের চুক্তিতে সৌদিতে বছরে ১০ কোটি ইউরো পেতেন তিনি। তবে ব্রাজিলে ফিরে সেই অবস্থান হারালেন। এখন ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো—বছরে ২ কোটি ১৭ লাখ ইউরো। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের বেতন বছরে ২ কোটি ৮ লাখ ইউরো।

সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের পর থেকেই নেইমারের সান্তোসে ফেরার গুঞ্জন চলছিল। ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তিসেরাও ইঙ্গিত দিয়েছিলেন, তাদের সাবেক তারকা ফিরছেন। এবার নিজেই আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নেইমার লেখেন, 'সান্তোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব। ক্লাবটি ও তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো পাল্টায়নি।'

সান্তোসের অফিসিয়াল হ্যান্ডল থেকে উত্তর আসে, 'তোমার ঘর তোমার অপেক্ষায়। তোমার মানুষেরা তোমার অপেক্ষায়।'

নেইমার ২০০৩-২০০৯ পর্যন্ত সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন। ২০০৯-২০১৩ পর্যন্ত ক্লাবটির মূল দলে খেলেন, সেখান থেকে পাড়ি জমান বার্সেলোনায়। এরপর পিএসজি হয়ে যোগ দেন আল হিলালে। তবে চোটের কারণে সৌদি ক্লাবটিতে নিয়মিত হতে পারেননি—১৮ মাসে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন।

কোচ জর্জ জেসুসও স্পষ্ট জানিয়ে দেন, 'সৌদি লিগ যে মানের ফুটবলে অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে নেই।'

আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দলে ফেরাটা নেইমারের জন্য গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত খেলার লক্ষ্যেই সান্তোসে ফেরা। পোস্টে নেইমার লেখেন, 'এখন আমার আবারও খেলায় ফেরা প্রয়োজন। একমাত্র সান্তোসের মতো ক্লাবই আমাকে সেই ভালোবাসা দিতে পারে, যেটা আগামী বছরের চ্যালেঞ্জগুলো সামলানোর প্রস্তুতি নিতে প্রয়োজন।'

নেইমারের নতুন অধ্যায় শুরু হচ্ছে সান্তোসে। ঘরের মাঠে ফেরাটা তার জন্য কতটা শুভ হয়, সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত