রাজধানীতে চার বছরের শিশুকন্যাকে হত্যার অভিযোগে মা আটক

  • শিশু আয়না হত্যার ঘটনায় মা তাসনিম চৌধুরী ছোয়াকে আটক করেছে পুলিশ
  • শিশুটির মা মাদকাসক্ত ছিল, জানিয়েছে শিশুটির বাবা আতিকুল 
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ এএম

রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় মায়ের হাতে চার বছরের কন্যা হত্যার অভিযোগ পাওয়া গেছে। শিশুটির নাম আয়না নুর ইসলাম। এই ঘটনায় মা তাসনিম চৌধুরী ছোয়াকে (২৩) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রমনা সিদ্ধেশ্বরী ৩৮/৯ নম্বর হাসনা ভিলার নামে একটি বাসা থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। এরপর রাত ১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলজার হোসেন জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে সিদ্ধেশ্বরীর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির চোখে মুখে নীল ফোলা জখম আছে। ধারণা করা হচ্ছে, চুল ধরে ওয়াল বা গ্রিলের সাথে আছড়িয়ে মেরে ফেলা হয়েছে।

এসআই আরও বলেন, শিশুটির বাবা এস,এম আতিকুল ইসলাম ও মা তাসনিম চৌধুরী ছোয়ার সাথে দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের এল ব্লকের একটি বাসায় থাকত। শিশুটির বাবা ফার্ম থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। বেশ কিছুদিন যাবৎ শিশুটির মা ছোয়া মাদকাসক্ত হয়ে পড়ে। এ কারণে কয়েক মাস ধরে শিশুটির বাবা আতিকুল একা একা সিদ্ধশ্বরী একটি বাসায় থাকতে শুরু করেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে ছোয়া নেশাগ্রস্থ অবস্থায় তার স্বামী আতিকুলকে ফোন করে বলে, সে সিদ্ধশ্বরীর বাসায় আসবে। আতিকুল তাকে এতো রাতে সেই বাসায় আসতে নিষেধ করে। এরপর আতিকুল ফোনে তার স্ত্রীকে কল করে আর পাননি। শুক্রবার সকালে শিশুটির নানাসহ আত্মীয়স্বজন বনশ্রীর বাসায় গিয়ে দেখেন, ওই বাসায় শিশু আয়না নুর অচেতন অবস্থায় পড়ে আছে। পাশে তার মাও পড়ে আছে।

তারা দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পরে শিশুটির মরদেহ সিদ্ধেশ্বরী বাবার কাছে নিয়ে আসেন এবং থানায় খবর দেন। পরবর্তীতে বনশ্রীর বাসা থেকে শিশুটির মা ছোয়াকে আটক করা হয় এবং সিদ্ধশ্বরীর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও বলেন, শিশুটির বাবার অভিযোগ তার স্ত্রীর নেশাগ্রস্থ থাকতো সব সময়। এজন্য তিনি আলাদা থাকতেন। শিশু আয়না নুর ইসলাম হত্যায় তার স্ত্রীর সাথে আর কেউ জড়িত থাকতে পারে।

শিশুটির মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে বলেও জানান খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলজার হোসেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত