যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার দাবি মির্জা ফখরুলের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আটকের এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার ৫ নং পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহবায়ক এবং ইটাল্লা সরকার বাড়ির মোখলেছুর রহমানের পুত্র।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে যৌথবাহিনীর একটি দল তাকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন তার ভাই আবুল কালাম আজাদ টিপু। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তৌহিদের লাশ দেখতে পান বলে জানান তিনি।

এদিকে কুমিল্লায় যৌথবাহিনী তুলে নেওয়ার পরদিন যুবদল নেতা তৌহিদুল ইসলামের (৪০) মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ বিচার দাবি করেন।

এতে মির্জা ফখরুল লিখেছেন, ‘যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার চাই!’

এর আগে যুবদল নেতা তৌহিদুলের মৃত্যুর ঘটনায় দলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিচার দাবি করেছে বিএনপি। গতকাল শুক্রবার রাতে এক পোস্টে এই ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিচার দাবি করা হয়।

গতকাল রাতে বিএনপির ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘এই নৃশংস বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত সেনাবাহিনীর সকল সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

কুমিল্লায় যৌথবাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুলের লাশ পেয়েছে বলে অভিযোগ জানিয়েছে তার পরিবার। শুক্রবার বেলা সাড়ে ১২টায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। তবে কখন তার মৃত্যু হয়েছে সে তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর তথ্য জানিয়েছেন তার ভাই আবুল কালাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত