‘দুই কিলোমিটার মহাসড়ক যেন মৃত্যুপুরী’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম

বগুড়ার শেরপুরে ধুনটমোড় থেকে হাজিপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের দাবিতে ২০ হাজার মানুষের গণস্বাক্ষরের স্মারকলিপি দেওয়া হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খানের কাছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

সড়ক দুর্ঘটনা এড়াতে, যানজট নিরসন ও নিরাপদ চলাচলের স্বার্থে শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে প্রায় ৩ হাজার মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেছেন, ‘উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার শেরপুর শহরটি জনবহুল ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর। এ উপজেলায় তিন লক্ষাধিক মানুষের বসবাস। তাছাড়া শেরপুর শহরের মাঝদিয়ে নির্মিত ঢাকা বগুড়া মহাসড়কের উপর দিয়ে উত্তরবঙ্গগামী হাজার হাজার যানবাহন প্রতিনিয়ত চলাচল করে। অন্যদিকে, ৬টি উপজেলার অসংখ্য মানুষ প্রতিদিন এই শহরে যাতায়াত করেন।

তিনি বলেন, ব্যস্ততম এই শহরে কোনো ফ্লাইওভার নেই। যার ফলে রাস্তা পারাপারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে হতাহতের ঘটনা। দুই কিলোমিটার মহাসড়ক যেন মৃত্যুপুরী। আমরা সড়কে আর কোন মৃত্যু দেখতে চাই না।’

উল্লেখ্য, গত কয়েক মাসে ঢাকা বগুড়া মহাসড়কের ধুনটমোড় হয়ে হাজীপুর পর্যন্ত এই দুই কিলোমিটার সড়কে ছোট বড় পঞ্চাশটির অধিক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৮ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত