ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আটক

  • চট্টগ্রামে আ.লীগ নেতা ফখরুলকে ধরে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী নেতাকর্মীরা
  • একটি কমিউনিটি সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক করা হয় তাকে
  • শনিবার টাইগারপাস এলাকায় নেভি কনভেনশন হলে এ ঘটনা ঘটে
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ এএম

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টাইগারপাস এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

আটক আওয়ামী লীগ নেতার নাম ফখরুল আনোয়ার। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মদ বলেন, ‘টাইগারপাস এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। আমরা তাকে নজরদারিতে রেখেছিলাম। অবশ্য এর আগে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।"

জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হয়। শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। অনুষ্ঠানে  অতিথি ছিলেন বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও।

সাবেক মেয়র এম মনজুর আলম নাতনির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ঘটনার ফাঁকে তিনি কনভেনশন সেন্টার দ্রুত ত্যাগ করেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ৯টার দিকে হঠাৎ করে শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। তারা এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দিতে থাকে। তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে, বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং সদ্য সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিও ছিলেন। খাদিজাতুল সনি সম্পর্কে ফখরুল আনোয়ারের ভাতিজি।  কিন্তু এই দুজনের কেউ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত