গ্যাসের মূল্য বৃদ্ধি না করাসহ বিসিএমইএর ৩ দাবি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৭ পিএম

দেশীয় সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করাসহ ৩ দফা দাবি জানিয়েছে  (বিসিএমইএ)।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব দাবি জানান অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম।

অ্যাসোসিয়েশনের অন্য দুটি দাবি হচ্ছে সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইলস ও স্যানিটারি পণ্যের ওপর আরোপিত সম্পূরক শুল্কহার প্রত্যাহার করা।

সংবাদ সম্মেলন মইনুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গ্যাস নির্ভর এই শিল্পে ক্রমাগত গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়া একটি প্রধান সমস্যা। বিগত ৯ বছরে শিল্পখাতে প্রায় ৩৪৫ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিগত ২০২৩ সালে শিল্পখাতে প্রায় ১৫০ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে প্রতি কেজি সিরামিক পণ্যের গড় উৎপাদন ব্যয় ১৮ থেকে ২০ শতাংশ বৃদ্ধি পায়। গ্যাসে মূল্য বৃদ্ধির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই তৈরি পণ্যের মূল্য বৃদ্ধি পায়। কিন্তু বিদেশি পণ্যের সঙ্গে মূল্য প্রতিযোগিতার করে দেশীয় তৈরি পণ্যের মূল্য ইচ্ছেমতো বৃদ্ধি করা যায় না। ফলে প্রতিযোগী বাজারে উৎপাদককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায় সরকার আরেক দফা গড়ে ১৫২ শতাংশ গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। এতে শিল্প ও কেপটিভ প্লান্টের জন্য যথাক্রমে প্রতি ঘনমিটার ৩০ থেকে ৭৫.৭২ টাকা হতে পারে। ফলে পণ্যের উৎপাদন ব্যয় আরও ৩০ থেকে ৩৫ শতাংশ বেড়ে যাবে। জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন ব্যয়সহ সব ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ। গ্যাসের মূল্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিরামিক শিল্প। এতে করে দেশীয় তৈরি-পণ্যের মূল্য প্রতিযোগিতায় বিদেশি পণ্যের সঙ্গে টিকে থাকতে না পারার কারণে উদ্যোক্তা, বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠান এবং সর্বোপরি দেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মীর নাসির হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাকিম সুমন, ডিরেক্টর রাশীদ মাইমুনুল ইসলাম, ফারিয়ান ইউসুফ  সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত