‘নতুন বোলার’ মোহাম্মদ আলীকে ছয় মাস আগেই দলে নেন তামিম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

বিপিএলের মঞ্চে গতকাল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। ম্যাচটিতে ৯ উইকেটের বিশাল জয় পায় বরিশাল, যাতে অন্যতম বড় অবদান পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর। বিপিএল অভিষেকে এক ওভারে চার উইকেটের রেকর্ডসহ ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। তবে অভিষেক ম্যাচ হলেও বরিশালের কাছে এই ক্রিকেটার নতুন কেউ নয়।

বিষয়টা পরিস্কার করলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল নিজেই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে সঞ্চালক প্রশ্ন করলেন, ‘আপনাদের নতুন আবিষ্কার যেভাবে আজকে বোলিং করেছে, বাড়তি একটা প্রাপ্তি, তাই না?’ জবাবে তামিম ইকবাল হেসে বললেন, ‘না না, এটা মোটেও নতুন আবিষ্কার নয়। ছয় মাস আগেই তার সঙ্গে চুক্তি হয়েছিল। পিএসএলে আমি তাকে দেখেছিলাম ভালো বোলিং করতে। এজন্যই ছয় মাস আগে তাকে দলে নিয়ে রাখি।’

৩১ বছর বয়সী মোহাম্মদ আলী পাকিস্তানের ক্রিকেটে মূলত লাল বলের বোলার হিসেবে পরিচিতি। বিপিএল টুর্নামেন্টের শুরু থেকে দলের সঙ্গে থাকলেও মোহাম্মদ আলীকে একাদশে কেন দেখা যায়নি- তার একটা ব্যখ্যা দেওয়ারও চেষ্টা করেছেন তামিম, ‘সে টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের সঙ্গে ছিল। টেস্ট দলে থাকায় মাঝপথে তাকে চলে যেতে হয়েছিল। জাতীয় দলের দায়িত্ব শেষে সে আবার আমাদের দলে ফিরে এসেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত