নানা ঘটনার পর অবশেষে জয়পুরহাটে নারীদের ফুটবল খেলা মাঠে গড়াল। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ঢাকা জেলার নারী ফুটবল দল বনাম জয়পুরহাট নারী ফুটবল দল। খেলার আয়োজন করে আক্কেলপুর উপজেলা প্রশাসন।
খেলাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, পুলিশ সুপার আবদুল ওয়াহাব, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনসহ অন্যরা। খেলা পরিচালনা করেন লতা পারভীন। তাকে সহযোগিতা করেন স্বপ্না চৌহান ও রহিমা আকতার।
এদিন খেলা উপভোগ করতে আসেন হাজার হাজার দর্শক। খেলায় ঢাকা নারী দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট নারী দল। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলায় পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এর আগে টিকিট কেটে খেলা দেখার ব্যবস্থা হলেও এবার বিনা টিকেটে ও খোলা মাঠে খেলার আয়োজন করা হয়। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর ব্যবস্থা।
গত ২৯ জানুয়ারি নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ মাঠে। এ নিয়ে মাইকে প্রচার শুনে আগের দিন ২৮ জানুয়ারি সন্ধ্যার আগে স্থানীয় আলেম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। পরে খেলা বন্ধ করে দেয় আয়োজকরা।
এ ঘটনায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরে প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করেন অভিযুক্তরা। এরপর সবার সাথে আলোচনা করে আবারও বুধবার এই মাঠে নারীদের ফুটবল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিতুমীর কলেজ ছাত্রদল: বিতর্কিতরা পদ পেলেও বঞ্চিত ত্যাগীরা!