বিপিএল ফাইনালের আগে এসএ টোয়েন্টি থেকে উড়িয়ে আনা হয় নিউজিল্যান্ডের অল-রাউন্ডার জিমি নিশামকে। কিন্তু মারকুটে এই ব্যাটারকে গতকালের ফাইনালে দেখা যায়নি। চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বরিশাল। কিন্তু প্রশ্ন উঠেছে, নিশামের মতো তারকাকে কেনই বা উড়িয়ে আনা হলো, কেনই বা একাদশে নেওয়া হলো না?
ম্যাচ শেষে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানালেন, নিশামকে আনা হয়েছিল বিকল্প হিসেবে, ‘আমি খুবই পরিষ্কার ছিলাম (ভাবনায়)। এই ব্যাপারটি আমি দলের কর্ণধারকেও বলেছি আগেই। জিমি নিশামকে দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে এনে, ম্যাচ পেমেন্ট দিয়ে খেলাতে হতো… আমি আগেই বলেছি, ওকে আনা হচ্ছে এই কারণে যে, কোনো ইনজুরি ইস্যু যদি হয়।’
তামিম আরও বলেন, ‘আমাদের স্কোয়াডে বিদেশি ক্রিকেটারদের মধ্যে (বাড়তি) একজন ছিলেন ফাস্ট বোলার। কিন্তু যদি কোনো ব্যাটসম্যান বা অলরাউন্ডারের ইনজুরি হয়, গতকালকে অনুশীলনে বা আজকে ম্যাচের আগে গা গরমে কারও যদি ব্যাথা লাগত, তার পরিবর্তে নেওয়ার মতো কেউ ছিল না। এজন্য কাউকে আমার লাগতই। ওর মতো একজনকে পাওয়া মানে তো দারুণ এক বিকল্প থাকা।’
গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করা নিশামকে আগের রাতেই সব জানিয়ে দেন তামিম, ‘অবশ্যই সব দলেই খেলার সুযোগ তার প্রাপ্য। বিশেষ করে, বিপিএলে তো যে কোনো দলেই খেলতে পারে। তবে আমার মনে হয়, যে ক্রিকেটাররা সাত-আট ম্যাচ ধরে খেলছে, উইকেট ও প্রতিপক্ষ যারা বুঝতে পারে। তাছাড়া উইনিং কম্বিনেশন ধরে রাখা, সব কিছু মিলিয়েই নিজের ভাবনা আমি খুব পরিষ্কার ছিলাম যে, একাদশ বদলাব না। আমি জিমি নিশামকে এটা কালকেই (বৃহস্পতিবার) বলে দিয়েছিলাম।’
ভারত-পাকিস্তান ফাইনাল চান শোয়েব
ফাইনালের নায়ক তামিম, আসরের সেরা মিরাজ
মাবিয়া এবার তুলবেন সংসারের ভার