চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এই সংসদ সদস্যকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর।
জানা গেছে , গত বছরের ১৬ জুলাই মুরাদপুর এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফয়সাল আহমেদ শান্ত গুলিবিদ্ধ হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা জামায়াতে ইসলামীর আমীর মাহবুবুল হাছান বাদী হয়ে মামলা করেন।
গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেখান থেকে গত ১২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওই দিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাতকানিয়া ও লোহাগাড়া থানার ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
২০১৪ ও ২০১৮ সালে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
জুলাই আন্দোলনের ছবি-ভিডিও চেয়েছে পুলিশ