নরসিংদী

স্ত্রীর শাবলের আঘাতে স্বামীর মৃত্যু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী পাপিয়া সুলতানার শাবলের আঘাতে স্বামী আবুল কাশেমের (৫০) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী পাপিয়াকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবুল কাশেম উপজেলার পৌর শহরের মহিষমারা এলাকার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে। তিনি শ্রীরামপুর বাজারে সারের ব্যবসা করতেন। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩ মাস আগে ব্রেইন স্ট্রোক করে আবুল কাশেম। এরপর থেকেই চিকিৎসক তাকে বিশ্রামের জন্য পরামর্শ দেয়। চিকিৎসকের পরামর্শ না শুনে আবুল কাশেম বাড়িতে কাজ করায় বাঁধা দেয় তার স্ত্রী। এ নিয়েই তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সর্বশেষ আজ দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে পাপিয়া আবুল কাশেমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে রক্তক্ষরণ হয়ে আবুল কাশেমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত