এবারের ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যতœ করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসেছে আসিফ আকবরের নতুন এই গানে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানের শিরোনাম ‘কষ্ট ভীষন’। আহমেদ রিজভীর অসাধারণ কাব্যমালায় সুর দিয়েছেন আসিফ আকবরের অনেক জনপ্রিয় গানের সুরকার মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সঙ্গে মডেল মৌরী মাহদীর অনন্য এক রসায়ন।
ভালোবাসা দিবসের নতুন গান নিয়ে আসিফ আকবর জানালেন, গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সঙ্গে পার্থ দার সংগীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়ন তো আছেই। আশা করছি ‘কষ্ট ভীষণ’ শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘কষ্ট ভীষণ’ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
