দেশের সম্ভাবনাময় নতুন শিল্প খাত ‘কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার’ খাত নিয়ে প্রতিবেদন করে লিলি প্রেজেন্টস মিডিয়া ফেলোশিপ-২০২৪-এ তিন ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন তিন গণমাধ্যমকর্মী।
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন সমকালের জসিম উদ্দিন, অনলাইন ক্যাটাগরিতে জাগো নিউজের নাজমুল এবং টেলিভিশন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের অ্যাওয়ার্ড পেয়েছেন আরটিভির সেলিম মালিক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। গতকাল সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) মিলনায়তনে আমন্ত্রিত অতিথিরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিনজন ছাড়াও ফেলোশিপে অংশগ্রহণকারী ২৭ জন প্রতিবেদকদের ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কারের অর্থ তুলে দেন। কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্প খাতের পণ্য উৎপাদন এবং রপ্তানিকারকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব স্কিনকেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ ও ভোক্তার যৌথ আয়োজনে এই ফেলোশিপ পরিচালিত হয়।
