অধিনায়ক শান্তর ডেপুটি হলেন মিরাজ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আগেই ঘোষণা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দল। এবার ঘোষণা করা হলো সহ-অধিনায়কের নাম। আজ বৃহস্পতিবার রাতে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা টিম টাইগারের। এদিন সন্ধ্যায় জানা গেল, ৮ দলের ওই আসরে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

জাতীয় দলের অধিনায়ক হিসেবে মিরাজের অভিষেক হয়েছে আগেই। গত নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের আগে চোট পান নাজমুল। এরপর ওই ম্যাচে অধিনায়ক ছিলেন মিরাজ। এছাড়া সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে শান্ত না থাকায় তার জায়গায় ওই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হন মিরাজ।

এবার চোট কাটিয়ে শান্ত ফেরার কারণে মিরাজ হয়েছেন সহ-অধিনায়ক। সদ্য সমাপ্ত একাদশ বিপিএলে অল-রাউন্ড পারফর্মেন্স দেখিয়ে তিনি টুর্নামেন্টসেরা হয়েছিলেন। আসরে ব্যাট হাতে ৩৫৫ রান করার পাশাপাশি বল হাতে নেন ১২ উইকেট। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে টিম টাইগার। গ্রুপ পর্বে অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত