নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪০ পিএম

আগামী নির্বাচন কবে হবে, সেটি জুলাই চার্টারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরে মধ্যে নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা বাকিটা বাস্তবায়ন করবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটা হবে জুলাই চার্টার। 

প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব। আর যেসব ক্ষেত্রে প্রধান ঐকমত্য প্রয়োজন, সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।

এ সময় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, তা নিয়েও কথা বলেন শফিকুল আলম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত