ভারতীয় দলের ‘তারকা সংস্কৃতি’র বিরুদ্ধে মুখ খুললেন অশ্বিন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম

ভারতের জাতীয় পুরুষ ক্রিকেট দলে বহুদিন ধরেই তারকা সংস্কৃতির অভিযোগ আছে। কিছু কিছু ক্রিকেটার নাকি নিজেদেরকে দলের চেয়েও বড় ভাবেন। সম্প্রতি এই সংস্কৃতি পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। তার পরামর্শেই ক্রিকেটারদের ১০টি নির্দেশনা দিয়েছে বিসিসিআই। এবার গম্ভীরকে সমর্থন জানালেন সাবেক স্পিন মহাতারকা রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটে সবকিছু যাতে স্বাভাবিক থাকে সেই চেষ্টা করা উচিত। কখনও দলের মধ্যে তারকা বন্দনাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। উন্নতি করতে হলে এসব খেয়াল রাখতেই হবে। আমরা ক্রিকেটার, অভিনেতা নই। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় হওয়া উচিত, যাতে তারা আমাদের সঙ্গে সহজেই নিজেদের তুলনা করতে পারে।’

কিছুদিন আগেই অস্ট্রেলিয়া সফরের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া অশ্বিন নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো ক্রিকেটাররা জীবনে অনেককিছু অর্জন করেছে। তাই তারা সেঞ্চুরি করলে সেটা নতুন কোনো কৃতিত্ব নয়। এটা তাদের সাধারণ কাজের মধ্যে পড়ে। তাদের লক্ষ্য হওয়া উচিত আরও বড় কিছু করার।’

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ভারতীয় দলে আছে পাঁচ স্পিনার। দুবাইয়ের মতো ভেন্যুতে পাঁচ স্পিনার নেওয়ার্ সমালোচনা করেছেন অশ্বিন, ‘দুবাইয়ে পাঁচ স্পিনার? জানি না কেন এই সিদ্ধান্ত। মনে হয় দুই-একজন অতিরিক্ত স্পিনার নেওয়া হয়েছে। তাদের দুইজন বাঁ হাতি স্পিনার, দলের সেরা অল-রাউন্ডারও। এছাড়া অক্ষর, জাদেজা, হার্দিক, কুলদীপ আছে। সঙ্গে বরুণকেও খেলাতে চাইলে একজন স্পিনারকে বসাতে হবে। হার্দিককে দ্বিতীয় পেসার হিসাবে খেলাতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত