ইসরায়েলে ভারী বোমার চালান পাঠাল ট্রাম্প প্রশাসন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্র রপ্তানির ওপর জো বাইডেনের প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র থেকে ভারী এমকে-৮৪ বোমার চালান পেয়েছে ইসরায়েল।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২ হাজার পাউন্ড ওজনের এসব বোমা অনেক বিস্তৃত এলাকা নিয়ে বিস্ফোরণ ঘটে। এছাড়া এ বোমা যেকোনো পুরু কংক্রিটের দেয়াল ও ধাতব বস্তু ভেদ করতে পারে। চালানে এ ধরনের ১ হাজার ৮০০টি বোমা এসেছে ইসরায়েলে।

বাইডেন প্রশাসন গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় এসব বোমার প্রভাব সম্পর্কে উদ্বেগের কারণে ইসরায়েলে রপ্তানির জন্য তাদের ছাড়পত্র দিতে অস্বীকার করেছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনি হামাস জঙ্গিদের হামলার পর বাইডেন প্রশাসন ইসরায়েলে কয়েক হাজার পাউন্ড বোমা পাঠিয়েছিল, কিন্তু পরে একটি চালান আটকে যায়। গত মাসে ট্রাম্প এই স্থগিতাদেশ তুলে নেন।

শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘রাতে আসা অস্ত্রের চালানটি ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী জোটের আরও প্রমাণ’ হিসেবে কাজ করবে।

যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলকে শত শত কোটি ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েল এসব সহায়তা নিয়ে অবরুদ্ধ উপত্যকায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে প্রায় ৪৮ হাজার ২৩৯ জনকে নিহত হয়েছে। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের এই আগ্রাসনকে বিশ্বব্যাপী গণহত্যা হিসেবে বর্ণনা করা হয়েছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত