সাবেক এমপি নদভী দুই দিনের রিমান্ডে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম

বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেছেন। 

এর আগে আজ বিকেলে সাবেক এই সংসদ সদস্যকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কে আদালতে তোলা হয়। শুনানি শেষে ফের তাকে কারাগারে নেওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।

 জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ, বিস্ফোরণ, নারীদের শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণ করে হত্যার হুমকির অভিযোগে ২৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন মোহাম্মদ মোমেন হোসেন জয় নামে ব্যক্তি। ওই মামলার এজাহারনামীয় আসামি সাবেক এমপি নদভী। ২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নদভী। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান। গত বছরের ১৫ ডিসেম্বর রাতে সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত