নিউজিল্যান্ড ৩২০; পাকিস্তানের ৩ পেসারই দিলেন ২১৪ রান

পাকিস্তানের ৩ পেসার দিলেন ২১৪ রান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৮ পিএম

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে রীতিমতো রান উৎসবে মেতেছে নিউজিল্যান্ড। উইল ইয়াং ও টম ল্যাথামের দুর্দান্ত সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩২০ রান তুলেছে কিউইরা। তবে পাকিস্তানের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের পেসারদের ব্যর্থতা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ মিলিয়ে দিয়েছেন ২১৪ রান! 

টস জিতে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বোলিংয়ের সিদ্ধান্ত নেন, তবে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ সেটিকে খুব একটা কাজে লাগতে দেয়নি। শুরুতে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙলেও কিউইরা ফিরে আসে উইল ইয়াং ও টম ল্যাথামের দুর্দান্ত পারফরম্যান্সে।

ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন দ্রুত ফিরলেও ইয়াং ও ল্যাথামের জুটিই পাকিস্তানের বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছে। ১২৬ বলে ১১৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিত এনে দেন দুজন। বিদেশের মাটিতে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেওয়া ইয়াং ১১৩ বলে ১২ চার ও ১ ছক্কায় করেন ১০৭ রান। 

এরপর ল্যাথাম একপ্রান্ত আগলে রেখে কিউইদের তিন শ পার করেন। ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন নিউজিল্যান্ড অধিনায়ক। শেষদিকে গ্লেন ফিলিপসের সঙ্গে তার ৭৪ বলে ১২৫ রানের বিধ্বংসী জুটি কিউইদের ৩২০ রানের স্কোর এনে দেয়। 

নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট ২৯ বছর পর ফেরার দিনটা পাকিস্তানের জন্য খুব একটা ভালো কাটেনি। মূলত বোলারদের হতাশাজনক পারফরম্যান্সই স্বাগতিকদের বিপদে ফেলেছে। তিন প্রধান পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ মিলিয়ে দিয়েছেন ২১৪ রান। 

শাহিন ১০ ওভারে ৬৩ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। তবে সবচেয়ে খরুচে ছিলেন হারিস রউফ—১০ ওভারে ৮৩ রান দিয়েছেন তিনি, যদিও তার শিকারও ২ উইকেট। নাসিম শাহ ছিলেন উইকেটশূন্য, ১০ ওভারে দিয়েছেন ৬৮ রান। 

পাকিস্তান কি পারবে নিউজিল্যান্ডের দেওয়া ৩২১ রানের লক্ষ্য তাড়া করে জিততে? তবে সাম্প্রতিক রেকর্ড আশা দেখাতে পারে স্বাগতিকদের। ১২ ফেব্রুয়ারির ম্যাচেই তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫৩ রানের পাহাড় তাড়া করে জিতেছিল তারা! এখন দেখার পালা, করাচির উইকেটে পাকিস্তান কি পারবে এই রান তাড়া করতে? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঐতিহাসিক জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত