কুয়েটে হামলার প্রতিবাদে ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘টেম্পু স্টান্ডের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, চাঁদাবাজদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘টেম্পু স্টান্ড না কলম, কলম কলম’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো’, ‘জিন্দাবাদ, জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন’, ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘গত কালকে দিনভর কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে হামলা চালানো হয়েছে। বিভিন্ন সংবাদ পত্রে দেখেছি ছাত্রদলের মাধ্যমে এটি সংঘটিত হয়েছে। এছাড়াও সেখানকার স্থানীয় যুবদলকেও এই হামলার অংশীদার মনে করা হচ্ছে।  আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে অস্ত্রের রাজনীতি এখন থেকে শুরু নয়, অতীতেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির ও ছাত্রদলের অস্ত্রের ঝনঝনানি দেখেছি। এছাড়াও সর্বশেষ ছাত্রলীগ বিগত ১৬ বছরে ছাত্র রাজনীতির নাম নিয়ে ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে। তার দায়ভার ছাত্রলীগ কোনোভাবেই এড়াতে পারে না। তাদের দ্বারাই এই অপরাজনীতি ও অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে। আমরা ক্যাম্পাসে এই অপরাজনীতি দেখতে চাই না। কুয়েটে হামলার সুষ্ঠ তদন্ত দাবি করছি এবং জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে সরকারকে জোর দাবি জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত