সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা মুরুটিয়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে রুমানা খাতুন (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
পুলিশ এ ঘটনায় ঘাতক স্বামী সোহাগ শেখকে (২৮) আটক করেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক সোহাগ শেখ ওই গ্রামের আফসার প্রামাণিকের ছেলে।
এ বিষয়ে কায়েমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মজিদ জানান, এদিন ভোরে তিনি জানতে পারেন একটা মেয়েকে তার স্বামী চর থাপ্পড় দিয়ে মেরে ফেলেছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন গলায় ছুরির আঘাত। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঘাতক স্বামীকে আটক করে।
এলাকাবাসী জানান, পারিবারিক কলহের জের ধরে বেশ কিছুদিন ধরে এই স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কলহ চলছিল। একপর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামীকে আটক করেছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক সোহাগ ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার
রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, গুলিবিদ্ধ ৪ 