নিউজিল্যান্ডের মুসলমানরা ধর্ম পালনে অনেক যতœবান। বিশেষ করে অমুসলিমদের মধ্যে ইসলাম প্রচারে তারা ব্যাপক ভূমিকা পালন করে থাকে। কয়েকটি সমীক্ষায় উঠে এসেছে, সংখ্যায় কম হয়েও নিউজিল্যান্ডের মুসলিমরা ধর্মচর্চা ও ইসলাম প্রচারে অনেক এগিয়ে। নিউজিল্যান্ডের প্রধান শহরগুলোতে বেশ কয়েকটি মসজিদ, ইসলামিক সেন্টার ও একাধিক ট্রাস্ট রয়েছে। অকল্যান্ডে দুটি ইসলামিক স্কুল রয়েছে। এছাড়া অকল্যান্ডে প্রায় ১৫টি ইসলামিক সেন্টার, কয়েকটি মসজিদ ও একটি ট্রাস্ট রয়েছে। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, নিউজিল্যান্ডে প্রায় ৭৫ হাজার মুসলিম বসবাস করেন। যেখানে ২০১৭ সালে মুসলমানের সংখ্যা ছিল ৫৭ হাজার। আর ২০১৩ সালে ছিল ৪৬ হাজার। সুতরাং নিউজিল্যান্ডে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে।
নিউজিল্যান্ডের অন্যতম জেলা তাওপো, যা বৃহত্তম হ্রদের শহর হিসেবে খ্যাত। এই শহরে মুসলমানদের নামাজ আদায় এবং অন্যান্য ধর্মীয় কাজ সম্পাদনের জন্য রয়েছে ‘তাওপো ইসলামিক সেন্টার ও মসজিদ’। মসজিদটির ইতিহাস খুব বেশি পুরনো না হলেও তাৎপর্যপূর্ণ। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের তাওপো শহরে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি মসজিদের প্রয়োজনীয়তা থেকে এর যাত্রা শুরু হয়। মাত্র পাঁচ থেকে ছয়টি মুসলিম পরিবারের ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য একটি ছোট মসজিদ স্থাপন করা হয়েছিল।
২০১৫ সালের জুলাই মাসে এই মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শুরুতে ছোট পরিসরে পরিচালিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি স্থানীয় মুসলমানদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কেবল তাওপো শহরের মুসলমানদের জন্যই নয়, বরং এটি উত্তর দ্বীপজুড়ে মুসলিম সম্প্রদায়ের জন্যও একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে।
কয়েক বছরের মধ্যেই মসজিদটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, ছোট এই স্থাপনাটি মুসল্লিদের সংখ্যা অনুযায়ী যথেষ্ট হয় না। ফলে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি তাওপো ইসলামিক সেন্টারের সম্প্রসারণ প্রকল্পের অধীনে একটি দুইতলা বিশিষ্ট বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে বড় নামাজের স্থান, পাঠাগার, ক্লাসরুম এবং জানাজা প্রস্তুতির সুবিধা থাকবে।
ইতিমধ্যে মসজিদটি নির্মাণের জন্য স্থানীয় কর্র্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। প্রস্তাবিত এই মসজিদটি কাইমানাওয়া ও তামামুতু স্ট্রিটের সংযোগস্থলে নির্মিত হবে, যা শহরের একটি গুরুত্বপূর্ণ অবস্থান। তাওপো ইসলামিক সেন্টার সম্প্রসারণ প্রকল্পের নেতৃত্বদানকারী স্থানীয় মুসলিম নেতারা সম্প্রতি তাদের পরিকল্পনার বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন এবং স্থানীয়দের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। এতে সবাই ইতিবাচক সাড়া দিয়েছেন।
সম্প্রতি এক অনুষ্ঠিত অকল্যান্ডের এক মসজিদের ইমাম ওমর কুদ্দুস তাওপো মসজিদের ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, এই মসজিদের বয়স এক দশকেরও কম। প্রথমে মসজিদটিতে মাত্র পাঁচ-ছয়টি পরিবার ধর্মীয় কার্যক্রম সম্পাদন করত। বর্তমানে এটি নিউজিল্যান্ড এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে।
এই সম্প্রসারণের মাধ্যমে তাওপো মসজিদটি স্থানীয় মুসলমানদের ধর্মীয় চাহিদা পূরণের পাশাপাশি নিউজিল্যান্ডের দক্ষিণে অবস্থিত মসজিদ হিসেবে একটি আধ্যাত্মিক পর্যটনের জন্যও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।
সূত্র : ওয়াইকাটো টাইমস
