ইসরায়েলের প্রাণকেন্দ্রে তেল আবিব শহরতলির দুটি এলাকায় তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বিস্ফোরণের পর তেল আবিব শহরতলির ব্যাট ইয়ামের হালকা রেললাইনে সকল রেল চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ইসরায়েলজুড়ে বাস চালকদেরও তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তু আছে কিনা তা তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়।
আনাদোলুর প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলির ব্যাট ইয়াম এবং হোলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি এবং ঘটনা তদন্ত করা হচ্ছে।
পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণস্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করছেন যাতে সেখানে কোনো অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তুর উপস্থিত না থাকে।
এদিকে চ্যানেল ১৩ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, নেতানিয়াহু বাসে বিস্ফোরক ডিভাইস লাগানোর বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মনে করেন এবং পশ্চিম তীরে সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন।
পরিস্থিতি মূল্যায়ন করার জন্য নেতানিয়াহু শিগগিরই একটি নিরাপত্তা সভা ডাকার পরিকল্পনা করছেন বলেও তার কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
একনজরে আজকের দেশ রূপান্তর (২১ ফেব্রুয়ারি)
ত্রয়োদশ জাকাত ফেয়ার শুরু কাল