সরকার ও বাংলা একাডেমি কাছে ভাষা শহীদদের সম্মানার্থে দেশের সর্বত্র শুদ্ধ বাংলা ভাষা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মানিকগঞ্জের সিংগাইরের প্রথম ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের ছোট ভাই ও রফিক স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রফিক নগরে (পারিল গ্রামে) ভাষা শহীদ রফিক গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে দৈনিক দেশ রূপান্তরকে তিনি এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম বলেন, যখন দেখি বিভিন্ন সাইনবোর্ডসহ অনেক কাজেই বাংলাভাষা ভুলভাবে ব্যবহার হচ্ছে তখন খুব কষ্ট পাই। কারণ ভাষার এই অপব্যবহারের জন্য তো আমার ভাইয়েরা জীবন দেয়নি। এছাড়াও সরকারি-বেসরকারি সকল দাপ্তরিক কাজে এবং বিচারকার্যে আদালতের রায়ও বাংলা ভাষায় করার দাবি জানান তিনি।
দুঃখ প্রকাশ করে খোরশেদ আলম বলেন, বছরে অন্যান্য সময় কেউ আমাদের এবং রফিক স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের খবর রাখে না। একুশে ফেব্রুয়ারি আসলেই লোকজন খবর নেয়।
এছাড়া ২১ ফেব্রুয়ারি উদযাপনকে ঘিরে বিপুল অর্থের প্রয়োজন হয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। এছাড়া গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দেখভালের দায়িত্বে থাকা ভাষাশহীদ রফিকের ভাতিজা মো. শাহজালাল ও গ্রন্থাগারিক ফরহাদ হোসেনের আর্থিক সুবিধা বৃদ্ধিসহ চাকরি স্থায়ী করার দাবি জানান তিনি।
অপরদিকে একুশের নতুন চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে একুশের প্রথম প্রহর থেকেই সিংগাইর উপজেলা চত্বর ও রফিক নগরে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের বাড়িতে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, ইউএনও মো. কামরুল হাসান সোহাগ, সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকরা, সরকারি-বেসরকারি ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এবং স্কুল- কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষ। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
