কিউবার গুয়ান্তানামো বে’তে থাকা নির্বাসিত অভিবাসীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই)। সেখানে ট্রাম্প প্রশাসন নির্দিষ্ট অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে অপসারণের প্রচেষ্টার অংশ হিসেবে নিয়ে গিয়েছিল।
আইসিই এয়ার অপারেশনস কর্মকর্তারা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গুয়ান্তানামো বে থেকে ১৭৭ জন ভেনেজুয়েলিয়ান অবৈধ অভিবাসীকে হন্ডুরাসে স্থানান্তর করেছে। সেখান থেকে ভেনেজুয়েলা সরকার তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে আইসিই এই স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের দ্রুত অপসারণের উদ্যোগ নিয়েছে। কলম্বিয়া, ভেনেজুয়েলা ও এল সালভাদরের সঙ্গে চুক্তি করেছে, যাতে এসব দেশ নির্বাসিত অভিবাসীদের গ্রহণ করে।
গত মাসের শেষ দিকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরক্ষা বিভাগ (ডিওডি) এবং স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগকে (ডিএইচএস) গুয়ান্তানামো বে-তে ৩০ হাজার ব্যক্তির ধারণক্ষমতা সম্পন্ন একটি অভিবাসী আটক কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘এটি আমেরিকান জনগণের জন্য হুমকিস্বরূপ সবচেয়ে বিপজ্জনক অবৈধ অপরাধীদের আটক করতে ব্যবহার করা হবে।’
গুয়ান্তানামো বে মূলত সামরিক বন্দিদের আটক করার জন্য ব্যবহৃত হয়েছে, যার মধ্যে ৯/১১ হামলার সঙ্গে যুক্ত কয়েকজনও অন্তর্ভুক্ত ছিলেন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগের কারণে কুখ্যাত হয়ে ওঠে। বাইডেন প্রশাসন সেখানে কার্যক্রম কমানোর উদ্যোগ নিয়েছিল।
প্রেসিডেন্ট ট্রাম্পের স্মারক স্বাক্ষরের কয়েক দিনের মধ্যেই প্রশাসন অভিবাসীদের গুয়ান্তানামো বে-তে পাঠানো শুরু করে।
পেন্টাগন জানায়, নির্দেশনার এক সপ্তাহের মধ্যে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ১০ জন অভিবাসীকে সেখানে পাঠানো হয়, যখন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র নিরাপত্তা কর্মকর্তারা পরিকাঠামো প্রস্তুত করার কাজ চালিয়ে যাচ্ছিলেন।
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যা জানালেন ট্রাম্প