রাজধানীর সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার এসআই শহীদুজ্জামান এবং আশুলিয়ার থানার এসআই সাইফুল ইসলাম। গত শুক্রবার রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সময় সাভারের বনগাঁও এবং আশুলিয়ার গাজীরচট আড়িয়াড়ার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- ঢাকা জেলার সাভার থানাধীন বনগাঁও ইউনিয়নের বেরাইদ গ্রামের মালেক মীরের ছেলে আওয়ামী লীগ নেতা মোহর মীর (৪৬), আশুলিয়ার গাজীরচটের আড়িয়াড়ার মোড় এলাকার সাহাজুদ্দিন খানের ছেলে মো. সবুজ উদ্দিন খান (২৬) ও একই এলাকার আলফাজ উদ্দিনের ছেলে সেলিম রেজা (২৫)।
এদের মধ্যে মোহর মীর থানা আওয়ামী মীগের কার্যনির্বাহী সদস্য, সেলিম রেজা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সবুজ উদ্দিন খাঁন যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুজ্জামান বলেন, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মোহর মীরের বিরুদ্ধে সাভার-আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাচেষ্টা মামলা, হাউজিং কোম্পানিতে চাঁদাবাজির মামলা ও রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
অন্যদিকে শুক্রবার রাতে আড়িয়ারা মোড় থেকে গ্রেপ্তারদের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার মামলা রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। শনিবার দুপুরে তাদের সংশ্লিষ্ঠ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
