চোটাক্রান্ত মাহমুদউল্লাহ কি আদৌ খেলতে পারবেন?

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯ এএম

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে তিনি প্রায় এক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। হাঁটুর পেছনের নিচের দিকের পেশির চোট থেকে মুক্তি পাওয়া মাহমুদউল্লাহ শনিবার অনুশীলন করেছেন। তাকে নিয়ে সুখবরই দিলেন নির্বাচক আব্দুর রাজ্জাক।

ভারতের কাছে ৬ উইকেটে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করা বাংলাদেশ আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এই নিউজিল্যান্ড আবার উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে। ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ দুবাইতে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনেই চোট পান। নিউজিল্যান্ড ম্যাচের আগে তিনি মাঠে নামার জন্য ফিট।

নির্বাচক আব্দুর রাজ্জাক গতকাল শনিবার গণমাধ্যমকে বলেছেন, ‘এটা ফিজিওদের রিপোর্টের ওপর নির্ভর করবে। আজ সে অনুশীলন করেছে, আগের দিন পর্যন্ত করেনি। অনুশীলন আজ করল, মোটামুটি সব কিছু নিয়ে কাজ করেছে। ওর অবস্থা এখনও ফিজিওরা জানায়নি। সম্ভবত অনুশীলনের পর তারা জানাবে।’

প্রশ্ন হলো, মাহমুদউল্লাহকে নিয়ে ফিজিওদের প্রতিবেদন ইতিবাচক হলে নির্বাচকেরা একাদশ সাজাবেন কীভাবে? মাহমুদউল্লাহ যে পজিশনে খেলেন, সেই লোয়ার মিডল অর্ডারে জাকের আলী ভারতের বিপক্ষে দারুণ ইনিংস খেলেছেন। এছাড়া তাওহীদ হৃদয় করেছেন সেঞ্চুরি। রানে থাকা এই দুই ব্যাটারের কাউকে বাদ দিয়ে মাহমুদউল্লাহকে সুযোগ দেওয়াটা দৃষ্টিকটূই দেখাবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশে মাহমুদউল্লাহ থাকবেন কিনা- সেটা এখনই খোলাসা করতে চাননি রাজ্জাক, ‘এটা তো আসলে দল নির্বাচনের ব্যাপার, সেটা নিয়ে এখানে বলার কিছু নেই। এটা পরে দেখা যাবে। আগে দেখি ওর (শরীরের) অবস্থা কী। এটা নিয়ে গণমাধ্যমের সামনে এখন আর কী বলব…?’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত