সংবাদপত্রশিল্পে শুল্ক-কর কমানোর প্রস্তাব করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতারা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা এ দাবি জানান।
আলোচনায় নোয়াব নেতারা তিনটি প্রস্তাব করেন। এগুলো হলো- নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা; আমদানি পর্যায়ের ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করা; সংবাদপত্রশিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে করপোরেট কর অবলোপন করা বা সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করা।
বৈঠকে নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, সংবাদপত্র সেবা শিল্প হিসেবে সরকার কর্তৃক ঘোষিত। এ শিল্পের অগ্রগতি ও পরিচালনার জন্য শুল্ক ও কর নীতি প্রয়োগে সংস্কার প্রয়োজন। বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থায় বিশেষত ডলারের ক্রমবর্ধমান বিনিময় হার, এ সংবাদপত্র শিল্পকে নতজানু করে ফেলেছে। গত কয়েক বছরে সংবাদপত্র শিল্প বিকাশে সরকার আমাদের কোনো প্রস্তাব আমলে নেয়নি। এ বছরের বাজেটে আমাদের প্রস্তাবগুলো বিবেচনা করা হোক।
প্রস্তাবে নোয়াব সভাপতি নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ২ শতাংশ, ভ্যাট ৫ শতাংশ, অগ্রিম আয়কর (এআইটি) ৫ শতাংশ ও অগ্রিম কর (এটি) ১ শতাংশ করার প্রস্তাব রাখেন। এছাড়া সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে করপোরেট কর সর্বনিম্ন নির্ধারণ বা অবলোপন করার প্রস্তাব রাখেন।
আলোচনায় নিউজপ্রিন্টের আমদানির ওপর অগ্রিম আয়কর কমানোর সম্ভাবনা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব, আপনাদের জন্য কিছু করা যায় কি না। আমাদের পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু করব।’
