পাকিস্তানের অবস্থা যুক্তরাষ্ট্র-ওমানের চেয়েও খারাপ: ওয়াসিম আকরাম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম

ভারতের কাছে হারের পর চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। একপেশে ম্যাচ দেখে চরম ক্ষুব্ধ হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। চলছে তীব্র সমালোচনা। পাকিস্তানি বোলারদের থেকে যুক্তরাষ্ট্র ও ওমানকে এগিয়ে রেখেছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

‘সুলতান অব সুইং’ খ্যাত আকরাম এক টিভি শোতে বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘যথেষ্ট হয়েছে! আপনারা তাদের তারকা বানিয়েছেন। সবশেষ পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা ৬০ গড়ে ২৪ উইকেট নিতে পেরেছে। প্রতি উইকেটে ৬০ রান! আমাদের গড় ওমান এবং যুক্তরাষ্ট্রের থেকেও খারাপ। যে ১৪ দল ওয়ানডে খেলে, তাদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় বাজে।’

পাকিস্তানি ব্যাটাররাও কম যান না। ব্যাটিংয়ে নেমে প্রচুর ডট বল উপহার দেন তারা। সমস্যা সমাধানে বড়সড় পরিবর্তনের পরামর্শ দিয়েছেন ৯১৬টি আন্তর্জাতিক উইকেটের মালিক, ‘শেষ কয়েক বছর ধরে ওয়ানডেতে পাকিস্তান হেরেই চলেছে। সময় এসে গেছে কঠোর ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার। ভয়ডরহীন ক্রিকেটারদের আনুন, তরুণদের দলে অন্তর্ভুক্ত করুন। যদি আপনাকে পাঁচ-ছয়টি পরিবর্তন আনতে হয়, দয়া করে সেটি করুন।’

পিসিবি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে ওয়াসিম বলেন, ‘চেয়ারম্যান সাহেব দয়া করে অধিনায়ক, নির্বাচক প্যানেল এবং কোচকে ডাকুন। আর তাদের জিজ্ঞেস করুন কোন ধরনের দল বাছাই করেছেন তারা। আমি আক্ষরিক অর্থেই সপ্তাহখানেক ধরে বলে আসছি যে, এই স্কোয়াড ভালো হয়নি। কিন্তু চেয়ারম্যান বললেন তারা সেরা স্কোয়াডটাই সাজিয়েছেন। আগামী ছয় মাস হারতে থাকলেও চলবে। কিন্তু এখন থেকেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বানাতে শুরু করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত