ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত ২ পুলিশ সদস্য, আটক ২

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বারেক বিল্ডিং মোড়ে পরিত্যক্ত একটি জায়গায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। এ সময় সাব-ইন্সপেক্টর জামিল ও সাব-ইন্সপেক্টর নজরুল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে ছয়জনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে মনির ও মেহেদী নামে দুজনকে আটক করা হয়। তবে বাকিদের ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের উপর হামলা করে চারজন পালিয়ে যায়।

নগর পুলিশের পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) হোসাইন মো. কবির ভূইয়া বলেন, ‘মনির, মেহেদী, তারেক, জুয়েল, রাজু, ভান্ডারি এবং রবি এখানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডবলমুরিং থানার টিম এখানে এসে দুজনকে আটক করে। বাকিরা আমাদের দুজন পুলিশ সদস্যকে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক সবার পরিচয় জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত