থাইল্যান্ড

পাহাড় থেকে নামার সময় ‘ব্রেক ফেইল’ করে বাস খাদে, নিহত ১৮

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম

থাইল্যান্ডে পাহাড় থেকে নামার সময় ব্রেক করতে ব্যর্থ হওয়ায় খাদে পড়ে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩২ জন। পূর্বাঞ্চলীয় প্রাচিনবুরি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সড়ক নিরাপত্তা কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু বলেন, ‘ঘটনাস্থলে ১৭ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং পরে হাসপাতালে আরও একজন মারা যান।’

রয়েল থাই পুলিশের কর্নেল সোফোন ফ্রামানিহি জানান, বাসটি বুয়েং কান থেকে রায়ংয়ের দিকে যাচ্ছিল। ঢালু রাস্তা হওয়ায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, পরে সেটি উল্টে যায়।

স্থানীয় সড়ক নিরাপত্তা কেন্দ্রের মতে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে গাড়িটি উল্টে যায়। এ সময় বাসটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। বাস উল্টে গেলে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

বাসটি দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৯ জন আরোহী ছিলেন এবং বেঁচে যাওয়া লোকদের দুটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাস্তার ওই অংশটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে , বাসটির ব্রেক সিস্টেম কাজ না করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

বিশ্বের সবচেয়ে অনিরাপদ সড়কের তালিকায় থাইল্যান্ড অন্যতম। এর আগে গত অক্টোবরে ব্যাংককের শহরতলীতে একটি স্কুল বাস দুর্ঘটনায় আগুন ধরে ২৩ জন নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত