নাজমুলদের স্বান্ত্বনা পুরস্কার দিতে পারে বৃষ্টি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির কথা মনে আছে? গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় একটি পয়েন্ট পেয়ে সেমিফাইনালে উঠে যায় মাশরাফি বিন মুর্তজার দল! এবারের আসরে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেলেও একটি পয়েন্ট জুটতে পারে নাজমুল হোসেন শান্তদের ভাগ্যে।

আগামীকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মাঠেই গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টসও হতে পারেনি। বৃহস্পতিবারও রাওয়ালপিন্ডিতে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টিতে যদি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই জয়হীন থেকে আসর শেষ করবে। স্বান্ত্বনা হিসেবে জুটবে একটি করে পয়েন্ট।

অ্যাকুওয়েদার বলছে, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। বিবিসি ওয়েদার বলছে, স্থানীয় সময় বেলা দুইটায় ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ, যা পরে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ম্যাচ ভেসে গেলে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হবে। যদিও সেই পয়েন্ট কারওই কাজে আসবে না। ২৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৮৫ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত