ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন খাত সংস্কারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ‘গতকাল চালকের গাফিলতির কারণে বাস দুর্ঘটনায় ২৫জন শিক্ষার্থী আহত হয়। এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। ক্যাম্পাসের পরিবহনের নাজুক অবস্থার দায় স্বীকার করে উপ-উপাচার্যকে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হবে। অনতিবিলম্বে পরিবহণ পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করতে হবে এবং অদক্ষ চালকদের বাদ দিতে হবে। এছাড়া খুলনা-কুষ্টিয়া মহাসড়কে বৃত্তিপাড়া থেকে ক্যাম্পাস পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত এ মহাসড়ক সংস্কার করতে হবে।’
মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, সহ সভাপতি উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মীমসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘শত শত শহিদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা। টালবাহানা করে পরিবহন সেক্টরকে ধ্বংস করবেন না। ভাড়ায় চালিত বাস আর দেখতে চাই না। আশা করি নিজস্ব অর্থায়নে বাস ক্রয় করে শিক্ষার্থীদেরকে সঠিক পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করবেন।’
পেশা বেছে নিতে শুধু অর্থের দিকে না তাকানোর পরামর্শ শিক্ষা উপদেষ্টার