চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলার বিষয়ে মুখ খুললেন স্টার্ক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ পিএম

মূল দলের সাতজনকে ছাড়ায় অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলছে অস্ট্রেলিয়া। দলে নেই পেস আক্রমণের প্রধান তিন অস্ত্র অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। এর মাঝে কামিন্স আর হ্যাজেলউডের চোট ছিল। কিন্তু ‘ব্যক্তিগত কারণে’ স্টার্কের না খেলাটা ছিল বড় চমক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মিচেল স্টার্ক।

‘উইলো টক’ পডকাস্টে চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলার বিষয়ে মিচেল স্টার্ক বলেন, ‘বেশ কিছু ভিন্ন ভিন্ন কারণ আছে। কিছু ব্যক্তিগত বিষয় এবং  (শ্রীলঙ্কা সফরে) টেস্ট সিরিজজুড়ে অ্যাঙ্কলের ব্যথার বিষয়টি আছে। সেসব ঠিকঠাক করার জন্য (সময় লাগছে)। সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে, এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর।’

মুখ খুললেও ব্যক্তিগত কারণটা খোলাসা করেননি স্টার্ক। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ টার্গেট করেছেন এই গতিতারকা, ‘আইপিএল আছে সামনে। তবে আমার ভাবনায় মূল প্রাধান্য পেয়েছে টেস্ট ফাইনালের জন্য নিজের শরীর ফিট রাখা এবং আগামী মাস দুয়েকে কিছু ক্রিকেট খেলে নিজেকে প্রস্তুত করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা।’

উল্লেখ্য, আসন্ন আইপিএল উপলক্ষে মিচেল স্টার্ককে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। গত আসরে তিনি রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন। পুরো টুর্নামেন্টে বলার মতো কিছু করতে না পারলেও ফাইনালে দুর্দান্ত এক স্পেলে কলকাতার শিরোপাজয়ে অবদান রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত