ওয়ানডেতে ‘ভায়রা-ভাই’ যুগ কি শেষ হবে আজ?

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ এএম

একটা সময় দুজনেই বাংলাদেশের ক্রিকেটে অবদান রেখেছেন। কিন্তু দীর্ঘদিন ধরেই দুজনেই ফর্মে নেই। মাঝেমধ্যে দুই-একটা ব্যক্তিগত ইনিংস খেলেন বটে, কিন্তু সেটা দলের কাজে লাগে না। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে তো দুজনেই চরম ব্যর্থ। চারদিক থেকে ভেসে আসছে সমালোচনা। দেশি সাবেকরা মুখ না খুললেও বিদেশি ক্রিকেটাররা এই দুই ভায়রা-ভাই জুটিকে এখনো খেলতে দেখে বিস্মিত।

ইতোমধ্যেই গ্রুপ পর্বে দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্তরা। প্রশ্ন উঠছে- এই ম্যাচ দিয়েই আলোচিত এই ‘ভায়রা ভাই’ জুটি ওয়ানডেকে বিদায় জানাবেন কিনা? মাহমুদউল্লাহ তো এখন শুধু ওয়ানডেই খেলেন। তাই আজ অবসর নিলে তার আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ হবে। অন্যদিকে মুশফিক কেবল টেস্ট খেলতে পারবেন।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ২ রান করেছেন মুশফিক। তার আউট হওয়ার ধরণ দেখে হতবাক হয়ে গেছেন সবাই। এমন অভিজ্ঞ একজন ব্যাটার বাজে শটে আউট হচ্ছেন! অন্যদিকে এক ম্যাচে সুযোগ পাওয়া মাহমুদউল্লাহ করেছেন ৪ রান। সেইসঙ্গে রাচিন রবীন্দ্রের দেওয়া লোপ্পা ক্যাচ ফেলতেও ভোলেননি। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম তাই বলেছেন, ‘এটা লোপ্পা ক্যাচ ছিল! মনে হচ্ছে মাহমুদউল্লাহ ছুটি কাটাতে এসেছে। না হচ্ছে তার ব্যাটিং, না হচ্ছে বোলিং!’

ভারতের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিক তো হতবাক হয়ে গেছেন ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ আর ৩৭ বছর বয়সী মুশফিককে এখনো খেলে যেতে দেখে। তিনি ভাবতেও পারেননি – তরুণদের রেখে বয়স্কদের দিয়ে ঠেকার কাজ চালিয়ে নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন সব সমালোচনা ভেসে এলেও টু শব্দও করেননি মুশফিক-মাহমুদউল্লাহ। পাকিস্তান ম্যাচের আগে অবসর নিয়ে তারা কোনো মন্তব্যও করেননি।

ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ব্যক্তিগত জীবনে ‘ভায়রা-ভাই’ এই দুই অভিজ্ঞ ক্রিকেটার সম্ভবত চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচ খেলে অবসর নেবেন না। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয়- সেটাই দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত