জাতীয় দলের বাইরে রয়েছেন দীর্ঘদিন, আন্তর্জাতিক মঞ্চে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। তবে ব্যাটে-বলে এখনও যে সালমা খাতুনের সামর্থ্য ফুরিয়ে যায়নি, সেটাই যেন প্রমাণ করলেন ঢাকা প্রিমিয়ার লিগে। তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শুক্রবার ঢাকার বিকেএসপিতে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন উইমেন'স ক্রিকেট লিগের ম্যাচে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবকে ৯০ রানে হারিয়েছে মোহামেডান। ১৫৭ রানের পুঁজি নিয়েও প্রতিপক্ষকে মাত্র ৬৭ রানে অলআউট করে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
এই জয়ে চার ম্যাচে তিনটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান। অন্যদিকে, পাঁচ ম্যাচে প্রথম পরাজয়ের স্বাদ পেলেও শীর্ষস্থান ধরে রেখেছে গুলশান ইয়ুথ।
মোহামেডানের ব্যাটিং লাইনআপ যখন ধুঁকছিল, তখন দলের হাল ধরেন অভিজ্ঞ সালমা খাতুন। সাত নম্বরে নেমে খেলেন ৫০ রানের দায়িত্বশীল ইনিংস। ৭৮ বলের ইনিংসে ছয়টি চারের মার ছিল তার ব্যাটে। দলের অন্য কেউ ৩০ রানও করতে পারেননি।
আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা জেসিয়া আক্তার এবার আউট হন মাত্র ২২ রানে। সপ্তম উইকেটে আয়েশা রহমানের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন সালমা। আয়েশা করেন ২৬ রান। গুলশানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন হাবিবা ইসলাম পিংকি। এছাড়া রাবেয়া খান, রিতু মনি ও সুরাইয়া আজমিম নিয়েছেন দুটি করে উইকেট।
মাত্র ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব। পাওয়ার প্লেতেই সাত ব্যাটার ফিরে যান ড্রেসিং রুমে, ১০ ওভারের মধ্যেই ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। রিতু মনি এক প্রান্ত আগলে রেখে চেষ্টা করলেও বড় পরাজয় এড়াতে পারেননি। তিনি ২৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া ১৬ রান আসে ৯ নম্বরে নামা সুরাইয়ার ব্যাট থেকে।
মোহামেডানের হয়ে বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা ২২ রানে নেন ৪ উইকেট। অফ স্পিনে দুর্দান্ত বোলিং করেন সালমা, ৬ ওভারে ২ মেডেনসহ মাত্র ৮ রান খরচায় নেন ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতেই। অলরাউন্ড পারফরম্যান্সে নিজেকে আবারও প্রমাণ করলেন সালমা খাতুন। জাতীয় দলে ফেরার জন্য এই পারফরম্যান্স কতটা সাহায্য করবে, সেটাই এখন দেখার বিষয়।
বানরের মতো লাফালাফি মন্তব্যের জন্য চার ম্যাচ নিষিদ্ধ মরিনহো
পিসিবির জন্য ‘বিদেশি চেয়ারম্যান’ চান হাফিজ